ফেনীর ফুলগাজী উপজেলার দৌলতপুর গ্রামের অসহায় দিনমজুর সোলেমান মিয়া দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে বর্তমানে বাড়িতেই মৃত্যুর প্রহর গুনছেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন মাটি কাটার কাজ করে সংসার চালাতেন সোলেমান মিয়া। অসুস্থ হয়ে পড়ার পর থেকে তার কর্মক্ষমতা পুরোপুরি হারিয়ে যায়। দীর্ঘদিন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। কিন্তু চরম আর্থিক সংকটের কারণে পরিবারটি তাকে সেখানে নিয়ে যেতে পারেনি।
বর্তমানে সোলেমান মিয়ার পরিবার মানবেতর জীবনযাপন করছে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বাবার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাদের পড়ালেখাও বন্ধ হয়ে গেছে। চিকিৎসা, ওষুধ ও সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে পরিবারটি।
অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রশাসন, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছে। পরিবারের আশা, সমাজের সহৃদয় মানুষ এগিয়ে এলে হয়তো সোলেমান মিয়ার চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে এবং একটি অসহায় পরিবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে।
