ফুলগাজী প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনেই ৭টি সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টায় কোনো প্রকার অস্ত্রোপচার (সিজার) ছাড়াই প্রতিটি প্রসবই নিরাপদ ও সফলভাবে সম্পন্ন হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং মিডওয়াইফরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। বর্তমানে প্রসূতি মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, “আমাদের লক্ষ্য প্রতিটি মায়ের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় প্রসব নিশ্চিত করা। উপজেলা পর্যায়ে এ ধরনের সেবা অব্যাহত থাকায় সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার ওপর আস্থা বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে।”
হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা সকল নবজাতকের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার পাশাপাশি প্রসূতি মায়েদের দ্রুত পূর্ণ সুস্থতা প্রার্থনা করেছেন। গ্রামীণ স্বাস্থ্যসেবায় এ সাফল্যকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।
