ক্যান্সারের সাথে যুদ্ধ শেষ: ফুলগাজীর সেই লড়াকু বিএনপি নেতা সবুজ মেম্বার আর নেই
ক্যান্সারের সাথে যুদ্ধ শেষ: ফুলগাজীর সেই লড়াকু বিএনপি নেতা সবুজ মেম্বার আর নেই
-
রাজনীতি কিংবা রাজপথের দীর্ঘ লড়াই শেষে জীবনের কঠিন যুদ্ধে হেরে গেলেন ফেনীর ফুলগাজীর সেই একনিষ্ঠ রাজনৈতিক কর্মী ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো. সবুজ। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ ১৭ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৬:১৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফতেপুর গ্রামসহ পুরো মুন্সিরহাট ইউনিয়নে গভীর শোকের ছায়া নেমে আসে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য ত্যাগ ও সংগ্রাম করা সবুজ মেম্বার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিভিন্ন সময়ে ২৬টিরও বেশি মামলার বোঝা মাথায় নিয়েছিলেন। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এই লড়াকু কর্মী শেষ জীবনে মরণব্যাধি ক্যান্সারের থাবায় নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছিলেন। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে জমি-জমা, সহায়-সম্বল সব বিক্রি করে অন্ধকার দেখছিল তাঁর পরিবার।
মৃত্যুর আগে অর্থাভাবে তাঁর চিকিৎসা থমকে গিয়েছিল। পরিবার ও তাঁর বৃদ্ধা মায়ের আকুল আকুতি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সমাজের বিত্তবানদের প্রতি। বিছানায় ছটফট করতে করতে সবুজ মেম্বার নিজের চিকিৎসার চেয়েও পরিবারের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় ছিলেন এবং তাঁর ছেলের জন্য একটা কর্মসংস্থানের আর্তি জানিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই সুযোগ আর মেলেনি, তার আগেই তিনি চলে গেলেন না ফেরার দেশে।
সবুজ মেম্বারের এই দূরবস্থার কথা স্মরণ করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “সবুজ মেম্বার দলের একজন একনিষ্ঠ ও ত্যাগী কর্মী ছিলেন। ব্যক্তিগতভাবে সাধ্যমতো চেষ্টা করলেও ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটানো কঠিন ছিল। তাঁর এই চলে যাওয়া দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
সবুজ মেম্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।







