সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ
ফেনীতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংবাদিকদের কী ঘটেছিল? ৪ নভেম্বর থেকে চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে ফেনীতে শতভাগ পাশ দুই মাদ্রাসায়, শতভাগ ফেল দুই কলেজে এইচএসসি ও আলিমের ফলাফলে ফেনীতে এগিয়ে মাদ্রাসা, কলেজে ভরাডুবি আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল, ঘরে বসেই যেভাবে দেখবেন ফেনীতে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, ১০ মাসে আক্রান্ত ১ হাজার ৩২২ জন ছাগলনাইয়ার ৫ ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে ৭১ জনের সিভি জমা অক্টোবরের শেষেও তীব্র গরম, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে সোনাগাজীতে বড় ফেনী নদীতে অভিযান, ৫ হাজার মিটার চরঘেরা জাল জব্দ সৌদি আরবের কারাগারে ছয় মাস ধরে বন্দি ফুলগাজীর ফরহাদ, কারণ নিয়ে পরিবারে উৎকণ্ঠা

ফেনীতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংবাদিকদের কী ঘটেছিল?

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ৩১২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ফেনীতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংবাদিকদের কী ঘটেছিল?

পথসভা ও সাংস্কৃতিক সন্ধ্যাকে ঘিরে একাধিকবার উত্তেজনা, সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ; সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের হস্তক্ষেপে এক স্বেচ্ছাসেবককে দল থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় পাঠানোর ঘোষণা।

‘মার্চ ফর ইনসাফ, জাস্টিস ফর হাদী ও জাস্টিস ফর জুলাই’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচি পালন করছে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর ও নোয়াখালী সফর শেষে রোববার (১ নভেম্বর) ফেনীতে আসেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ফেনী সফরে সংগঠনটির পূর্বনির্ধারিত দুটি কর্মসূচি ছিল। এর মধ্যে প্রথমটি শহরের মহিপাল চত্বরে পথসভা এবং দ্বিতীয়টি ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক সন্ধ্যা। তবে কর্মসূচি চলাকালে কয়েক দফায় সাংবাদিকদের সঙ্গে সংগঠনটির স্বেচ্ছাসেবকদের বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত যেভাবে

রোববার বিকেলে দাগনভূঞায় পথসভা শেষ করে মহিপাল চত্বরে আসেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতারা। সেখানে নির্ধারিত পথসভা শেষে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে এসএসকে রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে রওনা হন তাঁরা।

এ সময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা কর্মসূচির ভিডিও ধারণ এবং নেতাকর্মীদের বক্তব্য ও সাক্ষাৎকার সংগ্রহ করছিলেন।

একপর্যায়ে ‘ফেনীর প্রত্যয়’র বার্তা সম্পাদক তানজিদ শুভ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ মার্চে অংশ নেওয়া কয়েকজন নারী-পুরুষের সাক্ষাৎকার নেন। একজন নারী অংশগ্রহণকারীর সাক্ষাৎকার নেওয়ার সময় সংগঠনটির শৃঙ্খলা বিভাগের এক সদস্য সাংবাদিককে ভিডিও ধারণ ও সাক্ষাৎকার নিতে নিষেধ করেন।

পরবর্তী সময়ে ওই সদস্যকে সাংবাদিকের সঙ্গে উত্তেজিত আচরণ করতেও দেখা যায়। তবে ঠিক কী কারণে তিনি এমন আচরণ করেছিলেন কিংবা তাঁদের মধ্যে কী ধরনের কথোপকথন বা বাগ্‌বিতণ্ডা হয়েছিল, তা প্রকাশিত ভিডিও থেকে স্পষ্ট হওয়া যায়নি।

পরবর্তী সময়ে ‘ফেনীর প্রত্যয়’-এর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে সাক্ষাৎকার নেওয়ার সময় বাধা দেওয়া এবং সাংবাদিকের দিকে ওই সদস্যের এগিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। তবে ঘটনার মধ্যবর্তী কথোপকথন ও পুরো পরিস্থিতি ভিডিওতে স্পষ্ট নয়। ফলে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র জানতে আরও বিস্তারিত তথ্য প্রয়োজন।

শহীদ মিনারে জাবেরের বক্তব্যে শৃঙ্খলার বার্তা

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছানোর পর মাইক্রোফোন হাতে বক্তব্য দেন সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘আমরা সারাদেশে ইনসাফের লড়াইয়ে নেমেছি। আমাদের মধ্য থেকেও যদি কেউ ইনসাফের ব্যতিক্রম করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এক মুহূর্তও দেরি করব না। আমাদের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ ভুল করে থাকে, আমি হাতজোড় করে ক্ষমা চাইছি।’

এ সময় মাগরিবের আজান শুরু হলে নামাজের পর আবারও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য সংক্ষিপ্ত করেন তিনি।

মাগরিবের নামাজের সময় দ্বিতীয় দফায় উত্তেজনা

শহীদ মিনার প্রাঙ্গণে মাগরিবের জামাত চলাকালে মাঠের এক প্রান্তে আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বাংলাদেশ টাইমসের মোবাইল জার্নালিস্ট এম কাওছারের সঙ্গে ইনকিলাব মঞ্চের কয়েকজন নেতাকর্মীর বাগ্‌বিতণ্ডা হয়।

সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এসএসকে রোডে সাংবাদিক তানজিদ শুভর সঙ্গে বিরূপ আচরণের ঘটনার পর শহীদ মিনারেও দৈনিক সময়ের রেখার স্টাফ রিপোর্টার সিরাজুল হক টিপুকে লাইভ সম্প্রচারে বাধা দেওয়া হয়।

এ ছাড়া অভিযোগ ওঠে, সংগঠনটির শৃঙ্খলা বিভাগের এক সদস্য একপর্যায়ে ওই সাংবাদিককে লক্ষ্য করে আক্রমণাত্মক ভঙ্গিতে সেফটি স্টিক বের করেন। এসব বিষয় নিয়ে সাংবাদিক ও সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জাবেরের হস্তক্ষেপ ও অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা

মাগরিবের নামাজ শেষে আবারও মাইক্রোফোন হাতে নেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় উত্তেজিত পরিস্থিতিতে তাঁকে বলতে শোনা যায়, ‘ঝামেলা করবেন? দেখি কত ঝামেলা করবেন, আসেন?’

এরপর তিনি বলেন, ‘আমি এসেই বলেছি, ভাই, আমাদের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ ভুল করে থাকে, আমি হাতজোড় করে ক্ষমা চাইছি।’ তবুও কেন এটা নিয়ে কথা বাড়ালেন?

এ সময় উপস্থিত এক সাংবাদিক জাবেরের বক্তব্যের জবাবে অভিযোগ করেন, সাংবাদিকেরা বিষয়টি উত্থাপন করেননি; বরং সংগঠনটির এক সদস্যই সাংবাদিকদের উদ্দেশে ‘মুন্নি সাহার মতো বহু সাংবাদিক পিটাইছি’ বলে মন্তব্য করেছেন।

সাংবাদিকের কাছ থেকে অভিযোগটি শোনার পর আব্দুল্লাহ আল জাবের তাঁকে কাছে ডেকে বিস্তারিত জানতে চান। পরে সংশ্লিষ্ট শৃঙ্খলা বিভাগের সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। শাস্তিস্বরূপ তাঁকে টিম থেকে বাদ দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি তিনি বলেন- আমাদের ভাই শহীদ শরিফ ওসমান হাদী কিভাবে শহীদ হয়েছিলেন, তা আপনারা জানেন। আমাদের মার্চেও ইদানিং কিছু নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী আমাদের অজান্তে প্রবেশ করতেছে। সবকিছু বিবেচনায় আমাদের নিরাপত্তা টীম সবসময় একটু শক্ত অবস্থানে থাকে। সে কারণেই হয়তো দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের সাথে একটু বিরুপ আচরণ হতে পারে। তবুও তাদের পক্ষ হয়ে আমি নিজেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।

পরবর্তী সময়ে ওই সাংবাদিক অন্য সাংবাদিকদের কাছে ফিরে এসে জানান, অসদাচরণের অভিযোগ ওঠা সদস্যের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ ব্যবস্থা নিয়েছে এবং তাঁকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।

এরপর ঘটনার প্রতিবাদ ও সার্বিক পরিস্থিতির কারণে সেখানে উপস্থিত সাংবাদিকদের একটি অংশ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

যেসব অভিযোগের সত্যতা স্পষ্ট নয়

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা ও অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে সাংবাদিকের হাত থেকে বুম কেড়ে নেওয়া, সাংবাদিককে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসা এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের উলটো পদক্ষেপ নেয়ার অভিযোগও আলোচনায় রয়েছে।

তবে উপলব্ধ ভিডিও ও ঘটনার বিবরণে এসব অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা নিশ্চিত হওয়ার মতো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বিশেষ করে জাবেরের পক্ষ থেকে উলটো পদক্ষেপ নেয়া হয়েছে—এমন দাবির বিপরীতে তাঁর বক্তব্যে ক্ষমা প্রার্থনা এবং অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার বিষয়টি সামনে এসেছে।

সব মিলিয়ে ফেনীতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে ঘিরে সাংবাদিকদের সঙ্গে সংগঠনটির স্বেচ্ছাসেবকদের একাধিক দফায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে সদস্য সচিবের হস্তক্ষেপে অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!