ফেনীতে ১৫ দিনেও নিখোঁজ কিশোরের খোঁজ মেলেনি, উদ্ধারের দাবিতে মানববন্ধন
ফেনীতে ১৫ দিনেও নিখোঁজ কিশোরের খোঁজ মেলেনি, উদ্ধারের দাবিতে মানববন্ধন
ফেনীতে ব্যাটারিচালিত রিকশাসহ নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও সন্ধান পাওয়া যায়নি ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্র মাহফুজুর রহমান ইমনের। নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন তার স্বজন, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে আয়োজিত মানববন্ধনে ইমনের সন্ধান পেতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন অংশগ্রহণকারীরা।
নিখোঁজ ইমন ফেনী শহরের বিরিঞ্চি এলাকার পুশি ফকির বাড়ির বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বিরিঞ্চি সুফিয়া নূরিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় ইমন। এরপর রাতেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ফেনীর ফতেহপুর এলাকা থেকে রিকশাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে রিকশার ব্যাটারিগুলো পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ইমনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মানববন্ধনে ইমনের ভাই মোবারক হোসেন ও মোশাররফ হোসেন ইপু অভিযোগ করেন, তাদের ভাইকে খুঁজে বের করতে পুলিশের পক্ষ থেকে প্রত্যাশিত তৎপরতা তারা দেখতে পাচ্ছেন না। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের জন্য একাধিকবার অনুরোধ জানালেও তাদের নিজেদেরই ফুটেজ সংগ্রহ করতে বলা হয়েছে বলে দাবি করেন তারা।
এ সময় ইমনের মা মোমেনা বেগম কান্নায় ভেঙে পড়েন। সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তিনি বলেন, “আমি আমার ছোট ছেলেকে ছাড়া বাঁচব না। জীবিত বা মৃত, যেকোনো অবস্থায় আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন।”
নিখোঁজ শিক্ষার্থীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিরিঞ্চি সুফিয়া নূরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইয়াছিন। তিনি ইমনকে উদ্ধারে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে, পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের অভিযোগের বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। সম্ভাব্য চলাচলের পথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইমনকে সর্বশেষ বিসিক এলাকায় খালি রিকশা নিয়ে যেতে দেখা গেছে।
ওসি আরও জানান, একটি সূত্রের ভিত্তিতে চট্টগ্রামেও অভিযান চালানো হয়েছে। নিখোঁজ ইমনকে উদ্ধার না করা পর্যন্ত পুলিশের অনুসন্ধান অব্যাহত থাকবে।







