জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’
জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’
ফেনী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত হয়েছে বিদায়ী স্মরণিকা ‘স্বপ্নচারী’। ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত এ স্মরণিকায় বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের ক্যাম্পাসজীবনের স্মৃতি, সৃজনশীলতা, বন্ধুত্ব ও ভবিষ্যতের স্বপ্ন তুলে ধরা হয়েছে।
‘স্বপ্নচারী’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন হৃদয়। তাঁর সম্পাদনায় প্রকাশিত স্মরণিকাটিতে শিক্ষার্থীদের কবিতা, গল্প, প্রবন্ধ, স্মৃতিচারণসহ বিভিন্ন সৃজনশীল লেখা স্থান পেয়েছে। পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যচর্চা ও শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিও তুলে ধরা হয়েছে।
সম্পাদক জিয়া উদ্দিন হৃদয় বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পথচলার স্মৃতি ধরে রাখার প্রত্যয় থেকেই ‘স্বপ্নচারী’ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু একটি বিদায়ী স্মরণিকা নয়; বরং একটি ব্যাচের স্বপ্ন, ভালোবাসা, বন্ধুত্ব, সৃজনশীলতা ও ক্যাম্পাসজীবনের নানা স্মৃতির সংকলন।
তিনি বলেন, ‘স্বপ্নচারী’ প্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীল চিন্তার প্রকাশ ঘটেছে। লেখালেখির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা, অনুভূতি ও অভিজ্ঞতাকে তুলে ধরার সুযোগ পেয়েছে। স্মরণিকাটি ভবিষ্যতে এই ব্যাচের শিক্ষার্থীদের কাছে ফেনী সরকারি কলেজের সুন্দর দিনগুলোর স্মৃতিচিহ্ন হয়ে থাকবে।
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ এনামুল হক খন্দকার তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, ফেনী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পাঠদানের পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও সাহিত্যচর্চার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ‘স্বপ্নচারী’ নামের বিদায়ী স্মরণিকা প্রকাশের উদ্যোগকে তিনি স্বাগত জানান।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেন বলেন, বিভাগের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে তাদের সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আকাশছোঁয়া স্বপ্ন ও সৃষ্টিশীলতার প্রতিফলন হিসেবে প্রকাশিত ‘স্বপ্নচারী’ একটি প্রশংসনীয় উদ্যোগ।
স্মরণিকা সম্পাদনা কমিটিতে সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মুজাহিদুল ইসলাম, এনামুল হক ইমরান ও রিদওয়ানুল বারি ফরহাদ। সহকারী সম্পাদক হিসেবে ছিলেন মোবারক হোসেন মুরাদ, আফরিন অঞ্জলী ও আবু তালহা সায়েম।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সজিব ভূঁইয়া, তামিমা ইসলাম, আবিদুর রহমান রাফি, নাজমুন নাহার নাঈমা, বখতিয়ার বিজয় ও জান্নাতুল ফেরদৌস রিজবি।
২৯ সেপ্টেম্বর প্রকাশিত ‘স্বপ্নচারী’ হয়ে উঠেছে ফেনী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বপ্ন, স্মৃতি, আবেগ ও সৃজনশীলতার এক মলাটবন্দি স্মারক।







