চট্টগ্রামের বন্যার্তদের সহায়তায় ফেনী কলেজের শিক্ষার্থীদের সহযোগিতায় ২ লক্ষ টাকা অনুদান প্রদান
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থীরা। নিজেদের উদ্যোগে মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রায় ২ লাখ টাকা সংগ্রহ করে সেই অর্থ থেকে ৫০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৪ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন তারা।
শিক্ষার্থীরা জানান, এই সহায়তা শুধুমাত্র সেইসব পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, যাদের ঘরবাড়ি ও বসতঘর বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সহায়তা কার্যক্রমটি পরিচালিত হয় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ও সরল ইউনিয়ন, পাশাপাশি দক্ষিণ বাঁশখালী ও পশ্চিম বাঁশখালীর বিভিন্ন বন্যাকবলিত এলাকায়। শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরাসরি নগদ অর্থ তুলে দিয়ে তাদের দুর্দিনে পাশে থাকার চেষ্টা করেন।
শিক্ষার্থীদের এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দুর্যোগের সময় তরুণদের এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম সমাজে মানবিকতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







