ফুলগাজীর মুন্সীরহাট সীমান্তে ভারতে যাওয়ার পথে দুই নারী বিজিবির হাতে আটক
ফুলগাজীর মুন্সীরহাট সীমান্তে ভারতে যাওয়ার পথে দুই নারী বিজিবির হাতে আটক
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কামাল্লা সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল চলাকালে সন্দেহজনকভাবে চলাফেরার সময় তাদের আটক করা হয়।
আটক নারীদের মধ্যে রয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াখালী (দাশ বাড়ি) এলাকার সোনা লক্ষী (৭০)। তিনি ওই এলাকার মৃত সুধীর দাশের স্ত্রী। তার পিতার নাম মৃত নগর বাসী দাশ ও মাতার নাম মৃত মনোহারা দাশ।
অপর নারী বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দোলগনি গ্রামের শান্তনা (৪০)। তিনি বিষু দাশের স্ত্রী। তার পিতার নাম বুদ্ধি সাহা মণ্ডল ও মাতার নাম হমালা।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কামাল্লা সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় দুই নারীকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। প্রাথমিকভাবে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। তবে কী উদ্দেশ্যে তারা ভারতে যাচ্ছিলেন কিংবা এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় রাতের বেলায় অপরিচিত ব্যক্তিদের চলাচল নিয়ে মাঝে মাঝে উদ্বেগ তৈরি হয়। স্থানীয়দের ভাষ্য, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল নজরে এলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা আলামীন চৌধুরী জানান “রাতে সীমান্ত এলাকায় দুই নারীকে আটকের বিষয়টি শুনেছি। তারা কী কারণে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন, সেটি তদন্ত করে বের করা প্রয়োজন।”
আরেক স্থানীয় বাসিন্দা কাউসার হোসেন বলেন, “সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি থাকলে এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব। আটক নারীদের বিষয়ে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বিজিবির হাতে দুই নারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি প্রতিবেদককে শুধু আটক নারীদের নাম নেওয়ার কথা বলেন এবং অতিরিক্ত তথ্য দিতে অপারগতা জানান।
আটক দুই নারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।







