এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন করবেন যেভাবে-
এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
প্রতি পত্রে ফি ১৫০ টাকা | আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত | ম্যানুয়াল আবেদন নয়
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রত্যাশামতো না এলে হতাশ হওয়ার কারণ নেই। ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের সুযোগ।
মঙ্গলবার (১১ আগস্ট) থেকে এ আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। এবার নতুন পদ্ধতিতে সম্পূর্ণ অনলাইনে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে।
যেভাবে করবেন আবেদন
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত অনলাইন পোর্টালে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রবেশ করতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
এরপর একটি মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
আবেদন পোর্টালে প্রবেশের পর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। পুনর্নিরীক্ষণ করতে চাওয়া বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
দুই পত্রের বিষয়ে আবেদন কীভাবে?
কোনো বিষয়ের দুটি পত্র থাকলে এবং শিক্ষার্থী উভয় পত্রের ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে প্রতিটি পত্রের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। অর্থাৎ দুই পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি দিতে হবে।
যেভাবে ফি পরিশোধ করবেন
বিষয় নির্বাচন করার পর পরবর্তী স্ক্রিনে মোট ফি-এর পরিমাণ দেখানো হবে। এরপর বিকাশ, নগদ অথবা সোনালী সেবা ব্যবহার করে ফি পরিশোধ করা যাবে।
ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা পুনর্নিরীক্ষণ পোর্টালেই পাওয়া যাবে।
ফি পরিশোধের পর আবার আবেদন পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন জমা দেওয়ার পরও বিষয় যোগ করা যাবে
একবার আবেদন করে ফি পরিশোধের পরও কোনো শিক্ষার্থী চাইলে একই প্রক্রিয়ায় নতুন কোনো বিষয় পুনর্নিরীক্ষণের জন্য যুক্ত করতে পারবেন। এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
তবে ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা সংশোধন করা যাবে। যেসব বিষয়ের ফি এখনো দেওয়া হয়নি, সেগুলো ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
ফি দিলে আর বাতিল করা যাবে না
কোনো বিষয়ের জন্য একবার ফি পরিশোধ হয়ে গেলে সেটি আর বাতিল করা যাবে না। একই সঙ্গে পরিশোধ করা ফিও কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।
আবেদন শেষ ১৭ আগস্ট
ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১৭ আগস্ট পর্যন্ত করা যাবে। নির্ধারিত সময়ের পর আর আবেদন গ্রহণ করা হবে না।
এবার কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। তাই ফলাফল প্রত্যাশামতো না এলে দেরি না করে নির্ধারিত অনলাইন পদ্ধতিতে পুনর্নিরীক্ষণের আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।







