পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী
পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক, পরশুরাম (ফেনী): ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের গদানাঘর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মো. সৌরভ (২৪) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে পরশুরাম মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃত যুবক মো. সৌরভ পরশুরাম পৌর এলাকার দুবলাচাঁদ গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন নকশা কারিগর (ডিজাইনার) বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির প্রবাসী মালিক দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। সম্প্রতি প্রবাসীর শাশুড়ি মেয়েদের বাড়িতে বেড়াতে আসেন। পরবর্তীতে তিনি চলে যাওয়ার পর বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে প্রবাসীর স্ত্রী গভীর রাতে প্রেমিক সৌরভকে নিজ ঘরে ডেকে আনেন। বিষয়টি আশপাশের লোকজনের টের পেয়ে সন্দেহজনক মনে হলে তারা দ্রুত ঘরটি ঘিরে ফেলেন এবং তল্লাশি চালিয়ে ওই যুবককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় বিক্ষুব্ধ জনতা যুবকের ওপর চড়াও হয়ে তাকে মারধর করেন। খবর পেয়ে পরশুরাম থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


