ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন
ফেনী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর নতুন কর্মস্থল রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়।
ফেনী সদর উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, জনসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ফেনী সদর উপজেলায় যোগদানের আগে তিনি ফুলগাজী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর তিনি ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
দায়িত্ব পালনকালে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে খাল পুনঃখনন প্রকল্প। তাঁর তত্ত্বাবধানে ফেনী সদর উপজেলায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের আওতায় ১১ দশমিক ২২৫ কিলোমিটার খননকাজ সম্পন্ন হয়। প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখে শেষ করার পর অব্যয়িত ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৭০ টাকা সরকারি কোষাগারে ফেরত জমা দেওয়া হয়। এ উদ্যোগ সরকারি অর্থের সাশ্রয় ও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার দৃষ্টান্ত হিসেবে আলোচিত হয়।
এ ছাড়া স্থানীয় পর্যায়ে বিভিন্ন সরকারি কর্মসূচি বাস্তবায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমিসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে উপজেলা প্রশাসনের নেতৃত্ব দিয়েছেন তিনি। সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সহজ করা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতেও কাজ করেছেন।
ফেনী সদর উপজেলায় প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর তাঁর নতুন কর্মস্থল রাঙ্গামাটি। নতুন কর্মস্থলে তাঁর দায়িত্ব পালনের সফলতা ও পেশাগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন সংশ্লিষ্টরা।







