ফেনীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ফেনীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ফেনী জেলা জামায়াতে ইসলামী। একই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিও জানানো হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ফেনী শহরের জহিরিয়া মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, সাবেক জেলা আমির একেএম শামছুদ্দিন, জেলা আমির মুফতি আবদুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুফ, জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুর রহিম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন এবং জেলা পেশাজীবী সভাপতি মোহাম্মদ ইলিয়াস।
এছাড়াও জামায়াতের শহর ও সদর উপজেলা শাখা এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা ও শহর শাখার নেতাকর্মীরা মিছিলের অগ্রভাগে ছিলেন।
সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।







