দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ফেনীর দাগনভূঞায় ‘ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ’-এর নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রসারে নতুন এই ক্যাম্পাসের যাত্রাকে মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুর করিম নোবেলের সঞ্চালনায় অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। এতে সভাপতিত্ব করেন জেবুন নাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. রফিকুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, কলেজের প্রভাষকমণ্ডলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নতুন ক্যাম্পাসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রসারে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু কলেজ কর্তৃপক্ষের শিক্ষা প্রসারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি সুন্দর, সবুজ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতি জেবুন নাহারের বক্তব্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।







