সোনাগাজীতে বিএনপি নেতা সোহেলসহ চারজনের ওপর সশস্ত্র হামলা, মোটরসাইকেল-টাকা লুট
সোনাগাজীতে বিএনপি নেতা সোহেলসহ চারজনের ওপর সশস্ত্র হামলা, মোটরসাইকেল-টাকা লুট
ফেনীর সোনাগাজীতে অজ্ঞাত দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় স্থানীয় বিএনপি নেতা সোহেলসহ চারজন আহত হয়েছেন। এ সময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভৈরব চৌধুরী বাজারসংলগ্ন মল্লিক বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মহুরী প্রজেক্ট ঘুরে ফেরার পথে মল্লিক বাড়ির সামনে পৌঁছালে একদল অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিতভাবে বিএনপি নেতা সোহেলের ওপর হামলা চালায়। এ সময় রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁর হাত, পেট ও কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয়।
একই সময়ে সোহেলের গাড়ির পেছনে আরেকটি মোটরসাইকেলে করে আসছিলেন মঙ্গলকান্দি ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামের বাসিন্দা ইমতিয়াজ মাহমুদ সুজন, নাজমুল হুদা বাপ্পি ও ফাহিম। হামলাকারীরা তাঁদের সোহেলের কর্মী মনে করে তাঁদের ওপরও হামলা চালায়। এতে তাঁরাও কুপিয়ে ও পিটিয়ে আহত হন।
হামলার পর দুর্বৃত্তরা আহতদের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী হাসপাতালে নিয়ে যান। তাঁদের উন্নত চিকিৎসার জন্য পরবর্তী সময়ে ফেনীতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।







