প্রধান সড়কে মাছের বাজার, নীরব প্রশাসন ও বাজার কমিটি—ভোগান্তিতে সাধারণ মানুষ
প্রধান সড়কে মাছের বাজার, নীরব প্রশাসন ও বাজার কমিটি—ভোগান্তিতে সাধারণ মানুষ
ফেনীর সোনাগাজী বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ এবং জনসাধারণের প্রতিবাদের পর সম্প্রতি স্থানীয় উদ্যোগে সড়কের একটি অংশে ইটের সলিং বসানো হয়। এতে সীমিত পরিসরে চলাচলের সুযোগ সৃষ্টি হলেও সন্ধ্যার পরই পাল্টে যায় পুরো চিত্র।
প্রতিদিন রাত নামার সঙ্গে সঙ্গে সোনাগাজী বাজারের প্রধান সড়কজুড়ে বসে মাছের বাজার। সারি সারি মাছের দোকান বসিয়ে বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করেন ব্যবসায়ীরা। ফলে পথচারী ও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অথচ বাজারের ভেতরেই মাছ বিক্রির জন্য নির্ধারিত একটি বড় বাজার রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত বাজার থাকা সত্ত্বেও প্রধান সড়ক দখল করে মাছ বিক্রি চললেও এ বিষয়ে বাজার কমিটি কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “সড়কে মাছের বাজার বসানোর বিষয়টি সবাই দেখছে, কিন্তু কেউ ব্যবস্থা নিচ্ছে না। বাজার কমিটি ও সংশ্লিষ্টদের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।”
সোনাগাজী বাজারের ব্যবসায়ী শুভ চন্দ্র শীল বলেন, “বাজারের ভেতরে মাছ বিক্রির পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও প্রধান সড়কে মাছ বিক্রি করা হচ্ছে। এর পেছনে কারও প্রভাব বা প্রশ্রয় না থাকলে এমনটি হওয়ার কথা নয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
স্থানীয়দের দাবি, জনস্বার্থে বাজারের প্রধান সড়ক দ্রুত দখলমুক্ত করে নির্ধারিত স্থানে মাছ বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা হোক। একই সঙ্গে বাজার কমিটি ও প্রশাসনের কার্যকর নজরদারির মাধ্যমে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।







