দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন
দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন
ফেনীর দাগনভূঞায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের তিনটি ভবনের ২৩টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পানি উন্নয়ন বোর্ড কেন্দ্রীয় ঠিকাদার কমিটির সাধারণ সম্পাদক এবং দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুবুল হক রিপন, ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সহকারী সেক্রেটারি ডা. মো. ফখর উদ্দিন মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের শুরা সদস্য ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ এবং দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তাহের পণ্ডিত, ট্রাস্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি জাকির হোসেন, বৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদের সেক্রেটারি তবারক হোসেন সোহেল ও ভারপ্রাপ্ত ট্রেজারার আল হাসান।
এ ছাড়া পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে অংশ নেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমির গাজী ছালেহ উদ্দিন সালউদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অতিথিরা পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে উৎসাহ দেন। একই সঙ্গে অভিভাবকদের সঙ্গেও কুশল বিনিময় করেন তারা।
পরীক্ষার পরিবেশ ও আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শনকারী অতিথিরা। তারা বলেন, শিশু-কিশোরদের মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত বছর শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ায় ট্রাস্টের কার্যক্রমেরও প্রশংসা করেন তারা।
বক্তারা দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা নিয়মিত আয়োজনের পরামর্শ দেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।







