ফেনীতে র্যাবের অভিযানে ২১.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক, কার্গো ট্রাক জব্দ
ফেনীতে র্যাবের অভিযানে ২১.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক, কার্গো ট্রাক জব্দ
ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যান ও কার্গো ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা গেছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ফেনী সদর থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি সন্দেহভাজন কার্গো ট্রাক গতিরোধ করে তল্লাশি চালিয়ে ২১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য বেশ কয়েক লাখ টাকা। আটককৃত আসামিদের এবং জব্দকৃত আলামত ও যানবাহন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।







