ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সোনাগাজীতে যুবদল কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সোনাগাজীতে যুবদল কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ভোরবাজার এলাকায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে শাহ আলম সুমন (৪২) নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভোরবাজারের ইত্যাদি স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত শাহ আলম সুমন হাজীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সুমনের ওপর ১০ থেকে ১২ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। আহত সুমনের অভিযোগ, যুবদল নেতা সোহাগ, সিএনজি সোহাগ, রাকিব ও তাহসিনসহ ১০-১২ জন তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন।
পরে সুমনের ভাতিজা কাজী ইউসুফ তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকেয়া সুলতানা লোপা বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী সদর হাসপাতালে রেফার করা হয়েছে।





