ফেনী সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের বর্ধিত সভা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা
ফেনী সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের বর্ধিত সভা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা
ফেনী সরকারি কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে ছাত্রদলের দলীয় কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার (৯ আগস্ট) কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত ছাত্রদলের একটি বর্ধিত সভার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ছবিটি ফেনী সরকারি কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষের বলে জানা গেছে। সেখানে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হতে দেখা যায়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, কলেজের শিক্ষক মিলনায়তনের মতো একটি নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক স্থানে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি আয়োজন কতটা যুক্তিসঙ্গত। কেউ কেউ মন্তব্য করেন, অতীতে ছাত্রলীগের নেতাকর্মীরাও এমন কর্মসূচি শিক্ষক মিলনায়তনে আয়োজন করেনি। তাদের দাবি, কলেজে নিজেদের সাংগঠনিক অবস্থান ও আধিপত্য জানান দিতেই ছাত্রদল এমন আয়োজন করেছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা এসব সমালোচনার বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিষয়টি নিয়ে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই এই আয়োজন করেছি। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের চেয়ার সরিয়ে রেখে সাধারণ চেয়ারগুলোতে বসেই আমরা প্রোগ্রাম করেছি।”
এদিকে, কলেজের শিক্ষক মিলনায়তনে রাজনৈতিক দলের এমন কর্মসূচি আয়োজনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







