ছাগলনাইয়ায় সাত মামলার আসামি আমের মক্কি গ্রেপ্তার
ছাগলনাইয়ায় সাত মামলার আসামি আমের মক্কি গ্রেপ্তার
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া এলাকা থেকে আমের মক্কি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ছাগলনাইয়া, দাগনভূঞা ও ফেনী সদর থানায় মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে দক্ষিণ মন্দিয়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে।
পুলিশের তথ্যমতে, আমের মক্কি মাদক চোরাচালান, বালু-সংক্রান্ত কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে জড়িত বলে স্থানীয়ভাবে তথ্য রয়েছে। তাঁর কর্মকাণ্ডে এলাকার লোকজন ভীতসন্ত্রস্ত থাকায় অনেকে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না বলেও জানা গেছে।
পুলিশের সিডিএমএস যাচাই অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় দুটি, দাগনভূঞা থানায় দুটি এবং ফেনী সদর থানায় তিনটি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হচ্ছে। মাদক চোরাচালান চক্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।







