ছাগলনাইয়ায় বিজিবির অভিযানে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও সিএনজি জব্দ
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি সিএনজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৮ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি সিএনজি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।







