ফুলগাজীতে ২৭০ ইমাম-মুয়াজ্জিন ও ১০ পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী
ফুলগাজীতে ২৭০ ইমাম-মুয়াজ্জিন ও ১০ পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী
আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ ফেনী জেলার ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানি প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর লক্ষ্যে গঠিত সেল-এর ৮ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের মাসিক সম্মানি প্রদানে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রথম বছরে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন সুবিধাভোগী ভাতা পাবেন। আগামী চার বছরের মধ্যে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এ ভাতার আওতায় আনা হবে।
সম্মানি ভাতা বিতরণ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ভাতা প্রাপ্তিতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া প্রকৃত উপকারভোগীরা তাদের পাওনা পান। এ উদ্দেশ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) সফটওয়্যার ব্যবহার করে জি-টু-পি (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতা দেওয়া হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হলে আগামী মাসের প্রথমার্ধে ব্যাংকিং ইএফটি (EFT)-এর মাধ্যমে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের বকেয়া সম্মানি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
উক্ত সভায় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ধর্ম, অর্থ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবগণ, ইসলামিক ফাউন্ডেশন ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







