ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ছাগলনাইয়ার ঘোপালের কৃতি সন্তান গোলাম কিবরিয়া রিয়াদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ছাগলনাইয়ার ঘোপালের কৃতি সন্তান গোলাম কিবরিয়া রিয়াদ
মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়—শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্য, এবার দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নের দৌলতপুর (পুরাতন মুহুরীগঞ্জ) গ্রামের কৃতি সন্তান মো. গোলাম কিবরিয়া (রিয়াদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেছেন।
শিক্ষাজীবনের প্রতিটি ধাপে মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখা গোলাম কিবরিয়া রিয়াদের এই অর্জনে আনন্দিত তাঁর পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী।
তিনি মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেন।
শিক্ষাজীবনের পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। দেশ-বিদেশে বিভিন্ন গবেষণামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে তাঁর দক্ষতা ও আগ্রহের পরিচয় দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের আগে তিনি রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি গবেষণামূলক কার্যক্রমেও সক্রিয় ছিলেন তিনি।
এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন গোলাম কিবরিয়া রিয়াদ। বর্তমানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে সেখানে যোগদানের অপেক্ষায় রয়েছেন তিনি।
গোলাম কিবরিয়া রিয়াদ ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর (পুরাতন মুহুরীগঞ্জ) গ্রামের সালেহ আহমেদ (ভুলু) মাস্টারের বড় ছেলে।
প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ অর্জন—তাঁর এই সাফল্য ঘোপাল ইউনিয়ন তথা ছাগলনাইয়ার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তাঁর ভবিষ্যৎ শিক্ষা, গবেষণা ও কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন এলাকাবাসী।







