দাগনভুইয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা জামায়াতের গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা।
দাগনভূঞায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উপজেলা জামায়াতের গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা
সম্প্রতি ফেনীর দাগনভূঞা উপজেলায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণ, বাণিজ্যিক মার্কেটের একাধিক দোকানে দুর্ধর্ষ চুরি, ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি এবং বিভিন্ন স্থানে অব্যাহত চাঁদাবাজির ঘটনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা আমীর গাজী ছালেহ উদ্দিন এবং উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী বলেন,
“দাগনভূঞায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পাশবিক গণধর্ষণের মতো বর্বরোচিত ও মধ্যযুগীয় ঘটনা পুরো উপজেলাবাসীকে স্তব্ধ ও ক্ষুব্ধ করেছে। এর পাশাপাশি বাজারের দোকানপাটে চুরি, প্রশাসনের পরিচয় (ভুয়া ডিবি) দিয়ে ডাকাতি এবং প্রকাশ্যে চাঁদাবাজি, কিশোর গ্যাং এর উৎপাত, মাদকের ব্যাপক প্রসারের ফলে ব্যবসায়ী ও সাধারণ জনগণ সার্বক্ষণিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন।”
নেতৃদ্বয় আরও বলেন, অপরাধীদের কোনো দল, ধর্ম বা গোষ্ঠীগত পরিচয় থাকতে পারে না; অপরাধী শুধুই অপরাধী। একের পর এক এমন জঘন্য ঘটনা ঘটলেও অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনতে না পারা স্থানীয় প্রশাসনের চরম ব্যর্থতা এবং আইনশৃঙ্খলার চরম শিথিলতারই বহিঃপ্রকাশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন,
১. গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত সকল নরপশুকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।
২. ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি ও দোকান চুরির সাথে জড়িত সংঘবদ্ধ অপরাধী চক্রকে চিহ্নিত করে লুণ্ঠিত মালামাল উদ্ধার
করতে হবে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
৩. সাধারণ ব্যবসায়ী ও জনসাধারণের ওপর চলা সকল প্রকার চাঁদাবাজি ও জুলুম অবিলম্বে বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
৪. দাগনভূঞার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় পুলিশি টহল জোরদার করে দ্রুত স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
পরিশেষে, দাগনভূঞার শান্তিপ্রিয় জনগণকে যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী সর্বদা মজলুম ও সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে।







